জাকারিয়া মুহম্মদ ওরফে জ্যাক মুহম্মদের অভ্যেস অফিসে এসে নিজের চেয়ারে বসা, এক গ্লাস পানি চাওয়া, পানিটা খাওয়ার আগে কিংবা পরে অথবা ইনবিটুইন জিজ্ঞেস করা, কেউ টেলিফোন করছিলো? করছিলো মানে করেছিলো? জ্যাকদের বাড়ি সুনামগঞ্জে। তবে ঢাকায় বড় হয়েছে। টান দিয়ে এবং না দিয়ে বাংলা বলতে পারে। খাচ্ছি, যাচ্ছি, খিতা করতামরে, আইতাছি ইত্যাদি সবরকম পারে। সে বেশ উদ্যমী যুবক। বয়স উনত্রিশের কাছাকাছি। ফর্সা রং, একটু নধর গোলগাল শরীর, বেশ মজবুত। তবে লম্বা না তেমন, হিলটিল পরে মাত্র পাঁচ-ছয়। মাঝে মধ্যে খুব মন খারাপ করে ফেলে এজন্যে। তার ছোট ভাই খসরু শুধু লম্বা ছিপছিপে দেহ ও লাবণ্যমাখা চেহারার কারণে অনেকের মনোযোগ পেয়ে যায়। সে ততোটা পায় না। খুব মন খারাপ হয়ে যায় কখনো কখনো। অবশ্য গড়পড়তা সে যথেষ্টই আকর্ষণীয় যুবক-বিশেষত মধ্যবিত্ত বাঙালী ঘরের পাত্র হিসেবে। ফর্সা রং, বেতন চার অঙ্কের ঘরে, স্বাস্থ্যবান-খারাপটা কি। কিছু কিছু ঠিকই পারে না জ্যাক। আবার অনেক কিছু পারে। সে যেমন কৌতূহলী, তেমনি আবার সাবধানী। কোনো শালা বলতে পারবে না, সে আওয়ামী লীগ করে না বিএনপি করে। চৌধুরী হাউস অব বিজনেসে সে জয়েন করেছে বছর চার আগে। ব্যাংকিংয়ের ব্যাকগ্রাউন্ড রয়েছে বলে বসদের কাছে তার বেশ কদর।