তখন দেশটার নাম পূর্ব পাকিস্তান। গল্পটা সে দেশের এক ক্রিকেটারের, যার সামনে কেবল পাকিস্তান জাতীয় দলে খেলার স্বপ্ন। কিন্তু স্বপ্ন কি হোঁচটবিহীন হয়? পুনরায় কি উঠে দাঁড়াতে পারবে বাদল নামের ছেলেটি? কেন তাকে অমন ভালোবেসেও দূরে ঠেলে দেয় কান্তা? অবহেলাময় দেশটির জাতীয় দলে প্রথম হিন্দু খেলোয়াড় হিসেবে খেলে ইতিহাস রচনা করতে তৈরি বাদলের বন্ধু নিখিল। কিন্তু ইতিহাস নিজে কতটা তৈরি?
চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসা নিতে এসে একের পর এক পাকিস্তানি সেনা রহস্যজনকভাবে মারা যাচ্ছে। একদিন পায়ের পাতায় গুলি লাগা এক সৈনিক মারা গেলে কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। এর সঙ্গে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ওবায়েদদের কী সম্পর্ক? কী হতে যাচ্ছে তাদের?
ফরহাদের চোখের ভাষা কি সারা জীবনই অবোধ্য থাকবে রুকাইয়ার কাছে? পালিত পুত্র জামিল কত দিন পাহারা দিয়ে রাখতে পারবে পালক পিতা হরিপদের রেখে যাওয়া অলংকার ও বিশ্বাস?
…গল্পটা মূলত একটা সময়ের, যে সময়টিতে নরককুণ্ডে বসে কতগুলো মানুষ স্বপ্ন দেখছে এক নিরাপদ, নিসর্গময় অমরাবতীর। কত দূরে সেই কাঙ্ক্ষিত অমরাবতী?