বিশ্ববিদ্যালয়ে সপ্তাহব্যাপী সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা চলছে। আজ পঞ্চম দিন। আজকের অনুষ্ঠানের শুরুতে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা। ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্যণীয়। বিশেষ করে বিজ্ঞান অনুষদ এবং বাণিজ্য অনুষদের ছাত্র-ছাত্রীদের মধ্যে। আজকের উপস্থিত বক্তৃতা অংশ নিচ্ছে দু অনুষদের দু হেভিওয়েট প্রতিযোগি।
তারা দুজন ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনে নিজেদের আসন সুপ্রতিষ্ঠিত করেছে। এর মধ্যে একজন বিজ্ঞান অনুষদের প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষ সম্মানের ছাত্রী মেহেজাবীন চৌধুরী নীপা। অন্যজন হল বাণিজ্য অনুষদের মাস্টার্স শেষ বর্ষের ব্যবসা প্রশাসনের ছাত্র আসিফ ইকবাল আকাশ।