আজ সন্ধ্যার পরে বৃষ্টি হয়েছিল অনেকক্ষণ। একটু আগে থেমেছে। এখন প্রকৃতিতে একটা শীতল বাতাস বিরাজ করছে। সে বাতাসের ছোঁয়া বারান্দাতেও এসে পৌঁছাচ্ছে। হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে রাতুলের। কিন্তু এরচেয়ে মাথায় আপুর বিলি কেটে দেওয়াতে বেশি মনোযোগ তার। চুলে বিলি কাটাতে আরাম লাগছে রাতুলের। নিধির মাঝে যেন সে মাতৃস্নেহ খুঁজে পাচ্ছে। চুপটি করে আছে সে। নিধিও আর কোনো কথা বলে না।
একপর্যায়ে রাতুলের চোখে ঘুম নেমে আসে। সে আপুর কোলে মাথা রেখে ওভাবেই ঘুমিয়ে পড়ে। মায়ের বুকে ছোট্ট শিশু যেভাবে ঘুমিয়ে থাকে, রাতুলও আপুর কোলে মাথা রেখে সেভাবে তৃপ্তির ঘুম দিচ্ছে। রাতুল গভীর ঘুমে আচ্ছন্ন। আর নিধি করছে স্মৃতিচারণ। পুরনো দিনগুলো তার চোখের সামনে স্পষ্ট ভেসে উঠছে।