কাশীযাত্রার সঙ্গে সঙ্গে অপুর জীবনে শৈশব-অধ্যায়ের পরিসমাপ্তি ও কৈশোরের আরম্ভ। কাশীতে তার যে সমস্ত নতুন অভিজ্ঞতার আরোহণ হয়েছে, তার মধ্যে বহিবৈচিত্র্য আছে, কিন্তু নিশ্চিন্তপুরের নিবিড় তন্ময়তা নেই। তার মন চঞ্চলপক্ষ প্রজাপতির মতো নেই, নতুন দৃশ্যে আকৃষ্ট 'হয়েছে, কিন্তু এই আকর্ষণে পূর্বযুগের গভীর আত্মবিস্মৃত একনিষ্ঠতার অভাব।
কাশীর অভিজ্ঞতার মধ্যে কোনটি তার মনে গভীর ছাপ মেরেছিল, কোনটি তার মানসিক পরিণতির পক্ষে বিশেষ সহায়তা করেছিল, তা বিশ্লেষণ করা কঠিন; চিত্তবিকাশের গুঢ় রাসায়নিক প্রক্রিয়ার বিভিন্ন উপাদানকে পৃথকভাবে উপলব্ধি করা যায় না।