অপরাজিতা রহমান আমার ফেসবুক ফ্রেন্ড নয়। সাহিত্য পাতা নামে একটি পেইজে কেউ আমাকে অ্যাড করেছে অনেক দিন হলো। খুব আনাড়ি ধরনের সাহিত্য পেইজ। যার যা ইচ্ছে লিখে যাচ্ছে। বিশেষ করে কবিতা নিয়মিত বিবস্ত্র হচ্ছে। আমি খুব একটা নিয়মিত ছিলাম না। মাঝে মাঝে চোখ বুলাতাম। একদিন অপরাজিতার কবিতায় চোখ আটকে গেল। এত চমৎকার কবিতা! কয়েকবার পড়ে ফেললাম। কখনো কখনো আমিও একটু-আধটু লেখার চেষ্টা করি। কিন্তু এ মেয়ের কবিতা পড়ে মনে হলো, নাহ্ কবিতা লেখাটা শিখতে হবে।
মেয়েদের সঙ্গে যেচে কথা বলার অভ্যাস আমার কোনো কালেই নেই। কখনো কোনো মেয়েকে নিজে থেকে মেসেজ পাঠিয়েছি বলে মনে পড়ে না। কিন্তু অপরাজিতার সঙ্গে পরিচিত হওয়ার ইচ্ছেটা দমন করতে পারলাম না। কয়েক দিন ইতস্তত করে এক দিন সত্যিই মেসেজ করে বসলাম।