জানালা দিয়ে হু হু করে বাতাস আসছে। একটু ভুল বললাম, হু হু করে বাতাস আসছে বলাটা ঠিক হলো না। বাতাস আসছে দমকে দমকে। শীতকালের উত্তুরে শীতল বাতাসে লেপের ভেতরে শুয়ে থেকেও যথেষ্ট ঠান্ডা অনুভব করতে থাকি। লেপের ভিতর থেকে উঁকি দিয়ে বুঝতে পারি এখন আকাশে আলো ফুটে উঠেছে। কিছু পাখি ঘুম ভেঙে কিচিরমিচির শব্দে ডাকাডাকি করছে।
আমার গায়ের ভিতর লেপ্টে শুয়ে আছে মনা। আমার ছোটভাই। আমার চেয়ে বছর পাঁচেকের ছোট হবে। আর একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারি, জানালায় আটকে থাকা ব্যানারের একটা কোনার পেরেক খুলে ব্যানারটা আলগা হয়ে গেছে। বাতাস আসছে সেখান থেকেই। আমাদের বাসাটা অদ্ভুত! ঢাকা শহরে আর কারো বাসা-ই বোধ হয় এমন নয়। মূলত এটা আমাদের বাসা না। আব্বার বন্ধু জ্যোতি আংকেলের বাসা এটা।