পৌষের রাত সময় নয়টা পঁয়তাল্লিশ। মনে হচ্ছে অর্ধেক রজনী পেরিয়ে গেছে। কনকনে শীতের এই রাতে আঁকা বাঁকা পাহাড়ের রাস্তায় ঝড়ের বেগে একটি বাস সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাসটি চট্টগ্রাম থেকে ঢাকা মুখী রওনা হয়েছিল। ঘন কালো আধারে পাহাড়গুলোকে বড় বড় কালো দৈত্য মনে হচ্ছিল। বাসের সামনের লাইটগুলো যেন বন্ধুর পথকে চিনিয়ে দিচ্ছে। তাছাড়া রাস্তার দু পাশে তাকালে মাঝে মাঝে দূর থেকে আলো দেখা যায়।
কিছু দূর পর পর কিছু দোকান পাট চোখে পড়ে। যদিও দোকানপাট বাজার সব বন্ধ হয়ে গেছে। নির্জন প্রান্তরে শুধু ফ্যাকাশে আলো জ্বলছে। বাসের ভেতরে সবাই শীতের গরম কাপড় জড়িয়ে সিটে হেলান দিয়ে এদিক ওদিক তাকিয়ে আছে। কেউবা আধো আলোয় বেশ আরামে ঘুমিয়ে নিচ্ছে।
যাদের চোখে ঘুম নেই তারা মোবাইল নিয়ে ব্যস্ত। কেউবা ফোনে আলাপ করছে কেউবা ফেসবুকিং চেটিং কিংবা গেমস নিয়ে ব্যস্ত। জানালার পাশে একটি সিটে তানবীন তিথি বসেছিল। তার পাশের সিটটি খালি ছিল। সম্ভবত যাত্রী আসে নি। তার ক্লান্ত দেহ কিন্তু চোখ জুড়ে ঘুম নেই।