উত্তরের হিমেল হাওয়া শন শন করে বইছে। প্রচণ্ড শীত। কুয়াশা পড়ছে গাছের পাতায়, ঘাসে, মাটিতে। চারিদিকে আবছা আবছা ধোয়াশা। শরীরে আলপিনের মত তীক্ষ্ণ খোঁচা দিচ্ছে মাঘের শীত। এখন খুব সকাল। সূর্য এখনও ওঠেনি। আর উঠবেই বা কী! কারণ সূর্যদেবের তো আর দেখা মিলবেনা এ সাজ সকালে। যদিও দেখা যাবে ততক্ষণে দিনের মধ্যাহ্ন ভাগ হয়ে যাবে।
অমলা নাগ (সরকারি পরিচ্ছন্নকর্মী) প্রতিদিনের মতো আজও খুব ভোরে উঠে রাস্তা পরিষ্কার করতে করতে রাস্তার পাশে ড্রেন পরিষ্কার করা শুরু করে। মুখে তার হিন্দি গান। কখনও মমতাজের গান শোভা পায়। হঠাৎ তার গান থেমে যায়। চোখে পড়ে র্যাপিং পেপারে মোড়ানো গিফ্ট বক্স। মনের মাঝে প্রশ্ন জাগে অমলার- "কে ফেলে গেল এমন দামি বক্স? কেনইবা ফেলে গেল এটা? কী আছে এর মধ্যে?"