ভালোবাসাই মানুষকে ভালোবাসতে শেখায়। নতুন করে বাঁচতে শেখায়। বুকের গহীনে হৃদয়, হৃদয় গহীনে বসবাস ভালোবাসার। হৃদয়ের ভালোবাসা হৃদয়ের মানুষকেই সঁপা যায়। যে কাউকে নয়। অনেক সময় ওই মানুষটিরও ভালোবাসার গভীরতা বুঝে আসে না। একজন ভালোবাসে জান-জীবন উৎসর্গ করে, অপরজন করে যায় অবহেলা চরম মাত্রায়। একটি সময় এসে প্রিয় মানুষটির অবহেলাকেও মানুষ ভালোবেসে ফেলে। এটাই আশা-ভরসার কল্পনাতীত মোহন শক্তি। ভালোবাসার বিজয় বড়োই আনন্দের। পরাজয় ভয়ংকর বেদনার। অনিচ্ছাকৃতই জয়-পরাজয়ের ছাপ ভেসে উঠে চেহারায়।
দাম্পত্যজীবনের সুখ-দুঃখের চরম উত্থান-পতনের মধুময় ও করুণ দৃশ্য ভাসবে বইটির পাতায় পাতায়। হালাল ভালোবাসার স্বাদ কতটা মধুময় জাদুর মতো; তা বুঝবো বইটির পরতে পরতে। এক মানুষে আসক্ত নারী-পুরুষের ভালোবাসা কতটা অসম্ভব দারুণ হয়, কতটা নিখাদ ও গভীর হয়; আমরা পড়বো গল্পের ভাঁজে ভাঁজে। পাশাপাশি সুন্দর ও প্রেমময় একটি সম্পর্কের মাঝে সমাজের কিছু অসাধু লোকের কুচক্রে কতটা ভয়াবহ রূপ নিতে পারে; তা জানবো গল্পের মোড়ে মোড়ে। ‘প্রত্যেক সফল পুরুষের সফলতার পেছনে একজন সফল নারীর ভূমিকা থাকে’ প্রবাদটির বাস্তব চিত্র দেখবো বইটির ছত্রে ছত্রে।