অভ্র এখনও আসছে না কেন? কখন ওর স্কুল ছুটি হয়েছে। এতক্ষণে আমরা মহানায়ক মেট্রো স্টেশনে পৌঁছে যেতাম। কী করছে অভ্র? আমি আর অভ্র আলাদা স্কুলে পড়ি বটে, কিন্তু স্কুল ছুটির পর সেন্ট্রাল স্টেশন থেকে এক সঙ্গে মেট্রোতে মহানায়ক উত্তমকুমার স্টেশন পর্যন্তএকসঙ্গে যাই। যেদিন ও আমার আগে আসে, সেদিন ও আমার জন্যে অপেক্ষা করে স্টেশনের প্ল্যাটফর্মে। আমি আগে এলে, আমিও অপেক্ষা করি। এমন একদিনও হয়নি, আমরা এ-ওকে ছেড়ে বাড়ি চলে গিয়েছি।
আমি আর অভ্রদীপ প্রাইমারিতে একই স্কুলে পড়তাম। তারপর ও অন্য স্কুলে ভর্তি হলো। আমি অন্য স্কুলে। কিন্তু ফাইভ, সিক্স, সেভেন, আজ তিন বছর ধরে আমাদের বন্ধুত্ব এখনও অটুট।
এরকম আর একদিন আমারও আসতে বড্ড দেরি হচ্ছিল। অভ্র অপেক্ষা করছিল সেন্ট্রাল মেট্রো স্টেশনে। অনেকক্ষণ ধরে ওকে প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করতে দেখে পুলিশকাকু এসে ওকে ধমক দিয়ে জিজ্ঞেস করেছিলেন, "আমি লক্ষ করছি, তুমি অনেকক্ষণ ধরে প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করছ। ট্রেনে উঠছ না কেন?"