সুবর্ণপুর রাজসভা, মহারাজা ধীরাজ আর মহারানি ইন্দুমতীর আজ আনন্দের শেষ নেই। রাজকুমারী পারিজাতের আজ অস্ত্র শিক্ষা শেষ হলো। এমনিতেই নাচ- গানসহ সাংস্কৃতিক শিক্ষা ও প্রাতিষ্ঠানিক শিক্ষা সবকিছুতেই সে সমান পারদর্শী। রানি ইন্দুমতী ডুব দিলেন অতীতে। তিনি যখন মহারানি হয়ে সুবর্ণপুরে আসেন, গোটা রাজ্যজুড়ে এমনই উৎসব শুরু হয়েছিল।
স্বপ্নের দিন ছিল, তারপর? তারপর অনেক অনেকদিন নিঃসন্তান রাজা ধীরাজ ও ইন্দুমতী ঈশ্বরের কাছে অনেক আরাধনার পর পারিজাতের জন্ম হয়। ঈশ্বর যেন তাকে নিজের হাতে গড়েছেন। নিখুঁত মুখমণ্ডল আর রূপের ডালি নিয়ে ঘর আলো করে এলো পারিজাত। পারিজাত অর্থাৎ স্বর্গের ফুল। স্বর্গ থেকে দেবতারা যেন প্রসাদস্বরূপ মহারাজা ধীরাজ আর রানি ইন্দুমতীকে এই সন্তান উপহার পাঠিয়েছেন। তাই মেয়ের নামকরণ করা হলো পারিজাত।