বই এর প্রথম ফ্লাপ
রহস্যগল্প-রচনায় অদ্রীশ বর্ধনের প্রধান কৃতিত্ব এই যে, প্রতিটি ক্ষেত্রে শুধু বুদ্ধিদীপ্ত এবং
ঘোরালো কাহিনীই নির্মাণ করেননি তিনি, পরিবেশ এবং চরিত্রগুলিকেও করে তুলেছেন সমান কৌতূহলকর এবং রহস্যময়। যে-আটটি রহস্যকাহিনী নিয়ে এই
কিশোর-সংকলন, তার প্রত্যেকটি গড়ে উঠেছে নতুন-নতুন পটভূমিতে, চরিত্রগুলিও সেইমতো গেছে বদলে । কোনও গল্পে পান্না-পাথরের বুদ্ধমূর্তি নিয়ে লাওসে পাকচক্র, যার নায়ক শেরপা থুঙ ; কোথাও বাম্বেটে ভাইকিংদের গুপ্তধনের সন্ধান আফ্রিকায় । কোনও কাহিনীতে সাড়ে চার হাজার বছরের মিশরীয় জাহাজ, কখনও সিকিমে নিখোঁজ মেয়ের খোঁজে বিদেহী সত্তার ব্যবহার । কোথাও চিনে ওষুধে বাঘের হাড়, কোথাও ড্রাগনের হাড়ে গুপ্তধনের হদিশ। কোথাও ইলেকট্রনিক তান্ত্রিক, ইলেকট্রনিক মজা, কোথাও ডাকাতে কালীর ভাঙা মন্দিরে চাপচাপ রক্ত । গল্পগুলির পরিবেশ আলাদা, রহস্য আলাদা, কিন্তু প্রতিটি গল্পেই গোয়েন্দাচরিত্রটি এক। অদ্রীশ বর্ধনের আশ্চর্য সৃষ্টি সেই ইন্দ্রনাথ রুদ্র । শুধু এক নয়, রহস্য সমাধানেও অদ্বিতীয় ।