চোখ মেলতেই চমকে ওঠে আরুশ। চারদিকে ভালো করে চেয়ে দেখে। এখানে কোনো ফুলের বাগান নেই, ফলের বাগান নেই, কোনো ঝর্ণাধারা নেই, তার মানে সে জান্নাতুল ফেরদৌসে নেই। তাহলে এই হুরপুরী তার সামনে এলো কোথা থেকে। হুরপরী তার দিকে অবাক চোখে তাকিয়ে আছে, নীল চোখে তাকিয়ে আছে। এমন নীল চোখ সে কখনো দেখেনি, এমন সোনালি চুলের মেয়ে সে কখনো দেখেনি, আসলে এমন সুন্দর মেয়ে সে কখনো দেখেনি।
বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ওদের ক্লাসেও সুন্দর একটি মেয়ে পড়ত। সবাই সেই মেয়েটির দিকে তাকিয়ে থাকত। কিন্তু আরুশ কোনোদিন তাকায়নি। তাকানোর ইচ্ছে তার প্রায়ই হতো কিন্তু তাকানোর সাহস হয়নি। গরীব ঘরে জন্ম নিলে হয়তো তাকানোর সাহস হয় না। ইচ্ছেগুলোর মূল্য থাকে না, স্বপ্নগুলো পূরণ হয় না। অবশ্য মেয়েটিকে নিয়ে অনেকেই স্বপ্ন দেখতো, কারো স্বপ্নই পূরণ হয়নি।