“পেন্সিল সংকলন ২০২১” বইটির ফ্ল্যাপ-এর লেখাঃ এক হন্তারক অণুজীবের আগ্রাসন মােকাবিলায় পৃথিবী বিগত একটি বছর ধরেই ব্যতিব্যস্ত। প্রিয়জনের বিয়ােগব্যথায় বিষন্ন আমাদের মন,অজানা ভবিষ্যতের শঙ্কায় সংকুচিত আমাদের শ্বাস ফেলার জায়গাটুকু। তবুও স্বপ্ন-দেখা মানুষ বেছে নেয় এগিয়ে চলার পথ,সৃষ্টি সুখের উল্লাসে ছড়ায় শব্দমালা। জীবনের অবধারিত পথচলাকে সৃজনশীল পথে,আলাের দিকে এগিয়ে নিতেই প্রতিবছরের মতাে ‘পেন্সিল পাবলিকেশনস’-এর এবারের প্রয়াস ‘পেন্সিল সংকলন ২০২১’। শুদ্ধচর্চা,সাহিত্যের প্রতি অনুরাগ এবং নান্দনিক কিছু সৃষ্টির স্বপ্ন নিয়ে ২০১৬ সালের সেপ্টেম্বরে সৃষ্টি হয়েছিল ফেসবুকভিত্তিক সাহিত্যচর্চা গ্রুপ ‘পেন্সিল। এঁদের ক’জন সব্যসাচী লেখিয়ে,কেউ আনকোরা,কেউ-বা শুধুই পাঠক—তবু সাহস করে প্রথম কদম রেখেছেন লেখিয়েদের ভূখণ্ডে। আলাে ছড়ানাে,পারস্পরিক সহমর্মিতা,পরিচ্ছন্ন মতবিনিময়ের জন্য লেখিয়ে ও পাঠকদের নিয়ে এগিয়ে চলেছে পেন্সিল। নানা বয়সের,মতাদর্শের,ভিন্নমাত্রা ও রঙের মানুষের সমাবেশ ঘটেছে এখানে। জমাট আড্ডা,গঠনমূলক আলােচনা,সাহিত্যের তর্ক আর হাসি-ঠাট্টায় প্রতিনিয়ত ভরে ওঠে পেন্সিলের দেয়াল। পেন্সিলের লক্ষ্য খুব সাধারণ আর একই সঙ্গে অসাধারণ। লক্ষ্য হলাে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বাংলা সাহিত্য ও সংস্কৃতিচর্চা ছড়িয়ে দেওয়া। সময়গুলাে সৃজনশীল ইতিবাচকতায় ভরিয়ে তােলা। পূর্বে কবিতা ও গল্প সংকলন,তরুণ লেখক-কবি অন্বেষণ প্রতিযােগিতা,ই-বুক এবং ছবি প্রদর্শনীর পাশাপাশি অসংখ্য আলাে-জাগানিয়া কাজে সাফল্যের ছাপ রেখেছে পেন্সিল। ২০১৮ থেকে ‘পেন্সিল পাবলিকেশনস’-এর পথচলার মাধ্যমে নবীন কবি,গল্পকার,ঔপন্যাসিক ও ছড়াকারদের রচিত সাহিত্য মলাটবন্দি করার উদ্যোগ চলেছে। অনলাইন ও অফলাইন সৃজনশীলতা এবং সাহিত্যচর্চাকে সঠিকভাবে সবখানে পৌছে দেওয়ার প্রতিশ্রুতি পূরণের দৃঢ় পথচলার আরেকটি মাইলফলক ‘পেন্সিল সংকলন ২০২১’। আশা করা যায়,এই বইটির প্রতিটি শব্দ আলােড়ন তুলে যাবে সকল পাঠকের হৃদয়ে।