সক্রেটিস সম্পর্কে জানা যায় তারই শিষ্য প্লেটোর ডায়ালগ এবং সৈনিক জেনোফনের রচনা থেকে। সক্রেটিসকে পশ্চিমা দর্শনের ভিত্তি স্থাপনকারী বলা হয়ে থাকে। তিনি এমন এক দার্শনিক চিন্তাধারা জন্ম দিয়েছেন যা দীর্ঘ ২০০০ বছর ধরে পশ্চিমা সংস্কৃতি, দর্শন ও সভ্যতাকে প্রভাবিত করেছে। খুবই সাধারণ অথচ মহান একজন শিক্ষক ছিলেন সক্রেটিস, যিনি শিষ্য গ্রহণের মাধ্যমে শিক্ষা প্রদানে বিশ্বাসী ছিলেন না। তার কোনো নির্দিষ্ট বিদ্যালয়ও ছিল না। যেখানে যাকে পেতেন মৌলিক প্রশ্নগুলোর উত্তর বোঝানোর চেষ্টা করতেন।
বর্তমানকালে সক্রেটিসের জীবনের সূত্র হিসেবে তিনটি উৎসের উল্লেখ করা যেতে পারে: প্লেটোর ডায়ালগসমূহ, অ্যারিস্টোফেনিসের নাটক এবং জেনোফেনোর ডায়ালগসমূহ। অ্যারিস্টোফেনিসের নাটক দ্য ক্লাউডে সক্রেটিসকে দেখানো হয়েছে একজন ভাঁড় হিসেবে, যে তার ছাত্রদের শিক্ষা দেয় কীভাবে ঋণের দায় থেকে বুদ্ধি খাটিয়ে মুক্তি পাওয়া যায়। অ্যারিস্টোফেনিসের অধিকাংশ রচনাই ব্যাঙ্গাত্মক ছিল, তাই এই রচনায় সক্রেটিসকে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে তা পুরোপুরি গ্রহণযোগ্য নয়।