মারুফ স্টেশনে ট্রেনের অপেক্ষা করছে। সাথে তার বন্ধু সেলিম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে। মারুফ বসেছে ওয়েটিং রুমের জানালার পাশে। জানালার একটা কাচ ভাঙা। কিছুক্ষণ পর পর বৃষ্টির ছোট ঝাপটা এসে তার মুখে পড়ছে। বৃষ্টির ঝাপটা মুখে পড়তেই মারুক 'উহুহু' বলে শব্দ করছে। সেলিম কয়েকবার তীক্ষ্ণ দৃষ্টিতে মারুফের দিকে তাকিয়েছে।
'এমন করছিস কেন?'
'কী করছি?'
'একটু পর পর এ রকম 'উহুহুহু' করছিস কেন?
'শীত লাগছে তো।'
'শীত লাগলে জানালার পাশ থেকে সরে বস।'
'জানালার পাশে ভালো লাগছে। যখন বৃষ্টির ঝাপটা আসে, তখন একটা মিষ্টি গন্ধ এসে নাকে লাগে। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। কেমন যেন সাবান সাবান গন্ধ।'