বাংলাদেশের কোন এক ছোট বিশ্ববিদ্যালয়ের ছোট্ট একটি ব্যাংক। বিশ্ববিদ্যালয়ের সব লেনদেন এই ব্যাংকের মাধ্যমেই হয়। এই ব্যাংকেই কাজ করে অসিত।
ব্যাংক ছোট হতে পারে, কিন্তু বিরাম নেই তার একটুও। সবসময়-ই ব্যাস্ত। ছাত্র/ছাত্রীদের অল্প টাকা পয়সার লেনদেন হয় এখানে। তবুও সেই সামন্যটুকুই যে খুব প্রয়োজন সাধারণ ছাত্র/ছাত্রীগুলোর। সবাই ব্যাপারটুকু বুঝুক আর না বুঝুক, অসিত খুব ভালভাবে বোঝে।
লেভেল-১, টার্ম-২ এর কোর্স রেজিস্ট্রেশনের শেষ তারিখ আজ। লেভেল-১ এর ছাত্র/ছাত্রীদের বরাবর-ই ছেড়ে আসা বাসার প্রতি খুব দুর্বলতা থাকে। সেই জন্য সবাই এসে ভিড় করেছে আজ কোর্স রেজিস্ট্রেশনের শেষ দিনে। ব্যাংকের কারও দম ফেলার সময় নেই। লাইন ব্যাংক থেকে বের হয়ে বহুদূর পর্যন্ত চলে গেছে। বুড়ো ক্যাশিয়ার প্রচন্ড বিরক্ত। টাকা ভাংতি নেই অনেক ছেলেমেয়ের।