আমার নামটি রেখেছিলেন বাবার এক প্রফেসর বন্ধু। তিনি কবিতা লিখতেন। পরে অবশ্য পাগল হয়ে গিয়েছিলেন। হেমায়েতপুরে চিকিৎসাধীন ছিলেন দু'বছর। সেখানেই মারা যান। ভদ্রলোক চমৎকার একটি নাম রেখে গেছেন আমার। না হলে বাবা হয়তো মোকসেদ টোকসেদ জাতীয় কিছু একটা রাখতেন।
বাবা কেমন যেন উন্মাদ ধরনের মানুষ। যা মনে আসে তাই করেন; এবং কোন কাজেই শেষ পর্যন্ত পৌঁছতে পারেন না। বিশেষ করে মা মারা যাবার পর থেকে তার একগুঁয়েমী আরো বেড়ে গেছে। নিঃসঙ্গ মানুষ তো! নিঃসঙ্গ মানুষদের যেরকম হয় বাবা তার ব্যতিক্রম নন।
ভাবীর ঘরে খটমট শব্দ শোনা গেল। ভাবী বিছানার উপর থপ্ করে হাত ফেলে কিছু খুঁজছেন। সম্ভবত দিয়াশলাই। ভাবী দিয়াশলাই পেলেন। ঘর জুড়ে ফুটে উঠলো মোমের করুণ আলো। আমি একটু কাশলাম। ও ঘর থেকে ভাবী কথা বললেন-উপম কি জেগে আছ না কি?