পশু হাসপাতালে একটা বিড়ালকে খাঁচার ভিতর থেকে বের করে বেডে রাখা হলো। অসুস্থ বিড়ালটার অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে দেখে ডাক্তাররা সেটার জন্য মুক্ত আরামদায়ক বিছানার ব্যবস্থা করেছে। খাঁচা থেকে বিড়ালটা নিয়ে আসার পর থেকে ডেইজি আর তার মেয়ে টুম্পা কান্নাকাটি করছে। হামিদ হাসপাতালে নতুন মানুষ।
সুইপার খালার সুবাদে ইউনিটে ঢোকার সুযোগ পেয়েছে। দুজনকে কাঁদতে দেখে হামিদের দুঃখ হলো। ভাবল নিশ্চয়ই বাড়ির কোন দুঃসংবাদ পেয়েছে। অতি আপন কারও পরান পাখি খাঁচা ছেড়ে পালিয়েছে। আয়ার কাছে জিজ্ঞেস করে শুনল বিড়াল খাঁচা থেকে মুক্ত করা হয়েছে বলে মা মেয়ের এমন বিলাপ!