বর্তমানে একথাটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, 'রাজনীতির দুর্বত্তায়ন'। অর্থাৎ কালো টাকা, পেশিশক্তি ও রাজনীতির সাথে সম্পর্কহীন একটি গোষ্ঠীর হাতে রাজনীতি জিম্মি হয়ে পড়েছে। দুর্নীতি, লুটপাট, কালোবাজারি, চোরাবাজারি, চোরাচালান প্রভৃতি নানা বেআইনি পদ্ধতিতে রাষ্ট্র ও জনগণের সম্পদ দখলকারী একটি গোষ্ঠী রাষ্ট্রক্ষমতাসহ সকল ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে টাকার জোরে রাজনীতির ময়দান দখল করে নিয়েছে। রাজনীতির লক্ষ্য চরিত্র ও সংস্কৃতি দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে। দেশ ও জনগণের কল্যাণে ত্যাগ, নিষ্ঠা ও কাজের মাধ্যমে নীতি ও আদর্শের রাজনীতি এখন প্রায় হারিয়ে যেতে বসেছে।
এর স্থান এখন দখল করে নিচ্ছে সেইসকল শক্তি ও চিন্তা যারা টাকা দিয়ে রাজনীতি করে ক্ষমতা লাভ করে আরও টাকা ও সম্পদ বানাতে চায় তারা। এর মধ্যে দেশপ্রেম বা জনগণের কল্যাণের কোনো স্থান নেই। ওইসকল রাজনৈতিক দুর্বৃত্তদের দাপটে বর্তমানে সাচ্চা দেশপ্রেমিক ও জনকল্যাণকামী রাজনীতি এবং রাজনীতিকরা কোণঠাসা হয়ে পড়েছেন।