ফ্যালকন
আপাত সব সরল মনে হলেও দেখা ও না দেখার মধ্যে
জটিল বিন্যাস আমাকে রোমাঞ্চিত করে,
আলোও তো বেঁকে যায়, শুধু বাঁকানোই নয়,
আলোকে লাফিয়ে লাফিয়ে চলতে হয়।
সব পথ তার ভরকেন্দ্রের দিকে ঝুঁকে থাকে, অন্ধকারে
মাঝির বৈঠার শব্দের প্রতিধ্বনি শুনে আমি ঠিক
করেছিলাম পৃথিবীর ছুটে চলার শব্দ,
মৃত্যুর দিকে হেঁটে চলা জীবনের গতিরেখা এঁকে দেখি
দূরে ধাবমান কোন ছায়াপথ, আমি কেউ না-
এই বোধ থেকে আমি হয়ে গেছি সমুদ্রের কোন নির্জন দ্বীপ,
সমস্ত উৎসব ভেঙে যায়,
তারপর সেই প্রান্তরে ক্লান্ত অবোধ মানুষেরা ঘুমিয়ে পড়ে।