রবীন্দ্রনাথের প্রথম নাটক 'রুদ্রচণ্ড'-এর রচনাকাল নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মন্তব্য আমরা দেখতে পাই। রবীন্দ্র রচনাবলীর অচলিত সংগ্রহের প্রথম খণ্ডে (বিশ্বভারতী) গ্রন্থ পরিচয় অংশে উল্লেখ করা হয়েছে ""রুদ্রচণ্ড' কবির প্রথম নাটক (গীতিনাট্য নহে)। ইহা ১৮০৩ শকে (২৫ জুন ১৮৮১) প্রকাশিত হয়।" বেঙ্গল লাইব্রেরীর ক্যাটালগে 'রুদ্রচণ্ড' প্রকাশের যে তারিখ উল্লেখ আছে [25 June 1881 (শনি ১২ আষাঢ়)] রবিজীবনীকার প্রশান্তকুমার পালের মতে সে তারিখটি ভুল।
তিনি মনে করেন গ্রন্থটি আষাঢ় মাসে নয় "বৈশাখ মাসে প্রকাশিত হয়। "১ ১৮৮১ সালে প্রকাশিত হলেও 'রুদ্রচণ্ড' লেখা হয়েছিল অনেক আগেই। এর রচনাকাল নির্ধারণ নির্ধারণ করতে করতে গিয়ে সমালোচকেরা দুটিভাগে বিভক্ত হয়েছেন। এই বিভাজনের সূত্রটি মিলেছে নাটকের 'উপহার' অংশ থেকে। রবীন্দ্রনাথ তাঁর প্রথম নাটকটি উপহার দেন 'ভাই জ্যোতি দাদা'কে।