ফাঁসির দড়িটার কাছাকাছি গিয়ে থমকে দাঁড়াল ছেলেটি। তারপর আস্তে আস্তে মাথাটা উঁচু করে দড়িটার দিকে তাকাল। খুব করুণ চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে শেষে নিচু করে ফেলল চোখ দুটো। সঙ্গে সঙ্গে সবকিছু কেমন যেন ফাঁকা হয়ে গেল তার, শূন্য হয়ে গেল মাথাটা, খালি হয়ে গেল বুকের ভেতরটাও। অদ্ভুত আয়েশে সে অনুভব করল, সে ভাসছে, এলোমেলোভাবে ভাসছে। কোনো একটা কিছু ধরতে চাইছে, কিন্তু ধরতে পারছে না। তার মনে হচ্ছে, যে কোনো মুহূর্তেই ধপাস করে পড়ে যাবে সে এবং একবার পড়ে গেলে কখনো উঠতে পারবে না আর। বোধের শূন্যতায় সে কেবল টের পেল, সে আর মানুষ নেই, অন্য কিছু। অথচ কথা ছিল অন্যরকম।
সমীর স্যার বিজ্ঞান পড়াতেন, পড়াতেন আর মজার মজার গল্প বলতেন। স্যার একদিন বলেছিলেন, 'স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে।'