জিম অনেকক্ষণ সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছে। কতক্ষণ দাঁড়িয়ে আছে, তা সে নিজেও বলতে পারে না। কারণ, তার কাছে কোন ঘড়ি নেই। কয়েকদিন আগে স্থানীয় দোকান থেকে একটা ডিজিটাল ঘড়ি কিনেছিল সে। আজ সকালে আবিষ্কার করল, ঘড়িটা সে খুঁজে পাচ্ছে না। রাতের বেলা হাত থেকে খুলে কোথায় যে রেখেছিল মনে করতে পারছে না।
একবার মনে হচ্ছে বালিশের তলায় আবার মনে হচ্ছে টেবিলের ওপর রেখেছে।
জিম মনের সন্দেহ দূর করার জন্য বালিশের তলায় হাত দিল। নাহ নেই। টেবিলেও খুঁজে দেখল, সেখানেও নেই। টেবিলের ওপর বিক্ষিপ্ত কিছু বই রাখা ছিল, কাজের মধ্যে এটুকুই হলো, বইগুলো আরও এলোমেলো হলো।
সামনে দিগন্ত প্রসারিত বিশাল নীল সমুদ্র। সমুদ্রের বিক্ষিপ্ত লোনা বাতাস এসে তার নাকে-মুখে লাগছে। চুলগুলো হয়ে যাচ্ছে এলোমেলো।
জিম বার কয়েক মাথার সোনালি চুলের মধ্যে আঙুল চালিয়ে ঠিক করার বৃথা চেষ্টা করল।