এ ই অবেলায় হঠাৎ ঝড়-বৃষ্টিতে এলোমেলো হয়ে গেল সবকিছু। এটা বৃষ্টির ঋতু নয়, যে-কোনো সময় ঝমঝমিয়ে বৃষ্টি নামার কথাও নয়, ঝড়ের তো প্রশ্নই ওঠে না। বর্ষাকালে প্রস্তুতি থাকে সবারই, এখন কারোরই নেই, এইটুকু পথ আসতে আসতে তাই ভিজে একাকার হয়ে গেল সুমন।
বৃষ্টিবাদলের দিনে রিকশায় যেমন পলিথিনের পর্দা থাকে, একটু ঢেকেঢুকে বসলে খানিকটা বাঁচানো যায় নিজেকে, এখন তা নেই, থাকার কথাও নয়, কোনো রিকশাওয়ালাই এই সময়ে পর্দা রাখে না, যেমন সে রাখে না ছাতা, যদিও বর্ষায় সেটি সঙ্গেই থাকে। টুকিটাকি বেশ কিছু কাজ জমে আছে, আলসেমি করে করাই হচ্ছে না; সুমন ভেবে রেখেছিল — আজকে বাসায় ফেরার আগে কাজগুলো সেরে যাবে, বাসার পথে না গিয়ে সে তাই ভিন্ন পথ ধরেছিল, কিন্তু তা বোধহয় আর হলো না। এই ভেজা কাপড়ে কতক্ষণই-বা থাকা যাবে?