সাহিত্যপাঠ আনন্দদায়ক। সাহিত্যের নানা বিষয় বৈচিত্র্য সম্বন্ধে জ্ঞান সাহিত্যপাঠকে আরও আকর্ষণীয় করে তোলে। শিক্ষার্থী বিশেষ করে সাহিত্য-শিক্ষার্থীদের জন্য বিষয়টি অধিক গুরুত্ববাহী এবং অপরিহার্য। এই প্রয়োজনের তাগিদেই ‘সাহিত্য স্বরূপে’র রূপরেখা। সাহিত্যের নানা বিষয়ের সংক্ষিপ্ত আলোচনা ও ধারাবাহিক ইতিহাস বর্ণিত হয়েছে এই গ্রন্থে। নতুন কোনো সংজ্ঞা নয়, প্রচলিত সংজ্ঞার সহজ, সরল ও সাবলীল উপস্থাপনা এর বৈশিষ্ট্য। ইতিহাসের প্রয়োজনে কিছু নতুন বিষয়ও এসেছে। যুক্তিনির্ভর এবং বাস্তবানুগ দৃষ্টিতে উপস্থাপিত হয়েছে সেইসব বিষয়। কোনো বিষয়ের সংজ্ঞা উপস্থাপন করে আলোচনা নয়, বরং আলোচনার মাধ্যমে সংজ্ঞায় উপনীত হবার রীতি অনুসৃত হয়েছে বর্তমান গ্রন্থে। বিষয়সমূহকে সাজানো হয়েছে কালানুক্রমিক ধারায়। এই বই পাঠক, নবীন লেখক, বিশেষ করে শিক্ষার্থীদের প্রয়োজন মেটাতে সাহায্য করবে নিঃসন্দেহে।