আমি এখানে থাকতে চাই না, মা। প্লিজ, আমাকে ফেলে যেয়ো না।' মায়ের হাত আঁকড়ে ধরে রাখল অঞ্জন। ভাল নাম রফিকুজ্জামান। ছোট দোতলা বাড়িটার সামনের সিঁড়ি থেকে টেনে নামানোর চেষ্টা করল মাকে।
ফিরে তাকালেন মিসেস জামান, অসহিষ্ণু ভঙ্গিতে ভ্রূকুটি করলেন। 'অঞ্জন, তোমার বয়েস এখন বারো। যথেষ্ট বড় হয়েছ। ছেলেমানুষী কোরে। না,' হাতটা ছেলের মুঠো থেকে ছাড়িয়ে নিলেন। 'বড় হয়েছ, বড় হয়েছ-তোমার এই এক কথা শুনে শুনে কান ঝালাপালা হয়ে গেল!' রাগ করে বলল অঞ্জন। মায়ের মুখে স্নেহের হাসি ফুটল। ছেলের চুলে আঙুল বুলিয়ে আদর করলেন।
'ছাড়ো, আমার এ সব ভাল্লাগে না!' ঝাড়া দিয়ে মায়ের হাতটা সরিয়ে পিছিয়ে গেল অঞ্জন। আরেকটু হলেই বারান্দার সিঁড়ি থেকে উল্টে পড়ে যাচ্ছিল।