বাইরে খুব কর্কশ আওয়াজে একটা কাক ডাকছে, সেই কারণেই কি-না ঘুম ভেঙে গেল তামান্নার, বিরক্তি নিয়ে চোখ মেলল সে। জানালা খুলে পর্দা ভেদ করে দিনের আলো ঘরে ঢুকে পড়েছে। আলোটা চোখে সয়ে আসতে সময় নিল একটু। ঘড়ির দিকে চোখ গেল, সকাল ৭টা।
নিজের অবস্থান সম্পর্কে সচেতন হল তামান্না। সূর্যের বুক-বাহুর সন্ধিস্থলে মাথা রেখে এক হাতে জাপটে ধরে শুয়ে আছে সে। আপন মনে ভাবল, সূর্য তো কোথাও পালিয়ে যাচ্ছে না, তাহলে এভাবে জাপটে ধরা কেন? ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। বিছানায় আস্তে করে উঠে বসল তামান্না। সূর্যের ঘুম তখনও ভাঙেনি। ঘুমন্ত মুখটার দিকে চেয়ে রইল কিছুক্ষণ, মানুষটাকে দেখে কখনই ভেতরটা বোঝা যায় না।