অ্যালেক্স, তুমি কেন এ রকম একটা আজব কথা সবাইকে বলে বেড়াচ্ছ। রিদিমা বলল। অ্যালেক্স বলল, আজব কথা বলেছি মানে? রিদিমা রেগে গিয়ে বলল, সায়েন্স কাউন্সিলের অনেকেই হাসাহাসি করছে তোমার ওই কথাটি নিয়ে। তাই নাকি! কী বলেছি আমি? অ্যালেক্স খুব অবাক হয়েই জিজ্ঞেস করল। কী বলোনি তুমি? কম্পিউটার নিয়ে উল্টাপাল্টা কথা বলেছ। তুমি কি ইচ্ছে করেই প্রফেসর আফসারকে রাগানোর জন্য এ কথা বলেছ, নাকি এর মধ্যে অন্য কোনো রহস্য আছে। রিদিমা, আমি কাউকে রাগানোর জন্য এ কথা বলিনি। শুধু বলেছি...। শুধু বলেছ কম্পিউটার হচ্ছে নারী, তাই তো। কম্পিউটারকে নিয়ে এই আজব কথাটা বলে তুমি প্রফেসর আফসারকে অপমান করেছ। সেই সঙ্গে আমাকেও। রিদিমা রেগে গিয়ে বলল। তোমাকে অপমান করেছি মানে। অবাক হয়ে বলল অ্যালেক্স। আমি নারী। আর কম্পিউটারকে নারী বলে একধরনের ছোট করার চেষ্টা করেছ।