কাব্যের প্রতিটি কবিতা যেন সরলতা ও জটিলতার মেলবন্ধনে নির্মিত সমসাময়িক বোধের এক অনন্য প্রকাশ। সময়ের জটিলতা এড়িয়ে শিল্পের আশ্রয়ে কবি শাদমান শাহিদ নির্মাণ করেছেন এক গভীর কাব্যভুবন। পল এলুয়ারের ভাষায়, ‘লেখক যখন বৈরী বাস্তবতায় বাস করেন, তখন তাকে ভিন্ন পথ খুঁজে নিতে হয়’- শাদমান শাহিদের কবিতায় সেই ভিন্ন পথেরই সন্ধান মেলে।
এটি তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ হলেও দীর্ঘদিনের পাঠাভ্যাস ও অভিজ্ঞতা তাঁকে দিয়েছে ভাষা ও শিল্পকে অনায়াসে ধারণ করার সক্ষমতা। ফ্যাসিস্ট অন্ধকারচক্র যখন স্বাধীন চিন্তাকে রুদ্ধ করতে একের পর এক কনডেম সেল নির্মাণ করে, তখন কবি শব্দকে রূপ দেন কখনও দেয়াল ভাঙার হাতিয়ারে, আবার কখনও অন্ধকার ভেদ করে এগিয়ে চলার মশালে। ফলে প্রতিটি কবিতা গড়ে উঠেছে নিজস্ব শরীর ও আত্মা নিয়ে- যেখানে শিল্প কেবল শিল্পের জন্য নয়, বরং মানুষের জন্য শিল্প। যারা এই বোধের সারথি, তাঁদের জন্য কবিতার এই জনপদ হয়ে উঠতে পারে এক অনিবার্য যাত্রাস্থল।