প্রাণিজগতের প্রতিটি প্রজাতির জীবনধারা প্রায় একই রকম-বংশবৃদ্ধির জন্য অপরিহার্য প্রজনন আর জীবিকা নির্বাহের জন্য শিকার ধরা।
একটি বালক তিতাস নদীতে ছোট্ট একটা খড়া জাল পেতে বসে আছে। একটু পরপর জাল টেনে তোলে। কোনো মাছ ওঠে না। তবুও সে আশাবাদী একবার না একবার মাছ উঠবেই। অনেক সময় ধরে সে জাল টানছে। একটি মাছও জমা পড়ল না ওর ঝুড়িতে। আমি এখানে এলাম প্রায় ঘণ্টাখানেক তো হবেই। তিতাস নদীর ওপর নির্মিত রেলসেতুর পশ্চিমপ্রান্তে একটি স্লিপারের ওপর বসে আছি আমি।
আমার পরনে গেবারডিং কাপড়ের সফট প্যান্ট এবং বাদামি রঙের টি-শার্ট। মাথায় লাল ক্যাপ। স্তব্ধ মধ্যাহ্ন। প্রখর রোদের তাপ। চোখ ঝলসানো সূর্যের দিকে তাকালে বায়ু স্বচ্ছ কাচের মতো ঝিকমিক করে। কোনো বাতাস নেই। আমার শরীর বেয়ে ঘাম ঝরছে। আমি ক্যাপটা খুলে পায়ের কাছে স্লিপারের ওপর রাখলাম।