দাঁতালের কাণ্ড
সন্ধেবেলায় যখন কেবল পড়তে বসেছি ঘরে, তখন বাদলের গলা শুনতে পেলাম রান্নাঘরের সামনে। মা'র সাথে কথা বলছে। ও আমার খালাতো ভাই, বয়সে আমি ওর থেকে সতের দিনের বড়। হুটহাট ও চলে আসে আমাদের বাড়িতে বেড়াতে, চলেও যায় ওর ইচ্ছে মতন। ছটফটে ছেলে ও, বুদ্ধিমান। আমার মা, অর্থাৎ ওর ছোট খালার ও একমাত্র বোনপো। ও এলে মা একেবারে খুশিতে টইটম্বুর হন। বড় বোনের খোঁজ-খবর নেন ভাল মতন। আমারও খুব প্রিয় এই বাদল। আমাদের দু'জনের ভেতর ভারি ভাব। কিন্তু এখন, এই সন্ধেবেলায় কেবল যখন বই খুলে পড়ার টেবিলে বসেছি, তখন উঠে যদি উঠোনে যাই, মা শুরু করবেন বকাঝকা। তাই, বইয়ের দিকে চোখ রেখে কান রাখলাম খাড়া। বাদল কথা বলছে উত্তেজিতভাবে। মা-ও ইস্-আস্ করছেন, কিন্তু আমি বুঝতে পারছি না বিষয়টা।'