বাবা বলতেন- “বস্তুতে বিশ্বাস থাকলে; বস্তা বয়ে বাজারে চড়ো না।"
ভিন্ন মাত্রার বিবিধ উপদেশ বাবা প্রায়ই দিতেন, ব্যাখ্যা কখনো দিতেন,
কখনো বা বলতেন- সবকিছুর ব্যাখ্যা হয় না; প্রেক্ষাপটই তার প্রকৃত ব্যাখ্যা।
অতএব, "মনে রেখো এবং অপেক্ষা করো।"
আজ এতকাল পরে, যখনই তাঁর কোনো উপদেশের প্রেক্ষাপট মিলে
যায়- প্রয়াত এই অপ্রসিদ্ধ অসাধারণ মানুষটার মুখখানি মনে পড়ে, চোখ ভরে যায় জলে।
আহারে! আমার বই বেরোল- ভাগ্য হলো না বাবার হাতে তুলে দেওয়ার।
আহারে! আমাদের সাফল্যগুলো প্রায়শই আসে বড় বিলম্বে- আমাদের প্রিয়জনদের অনেকেই তখন আর থাকেন না এই পৃথিবীতে।
বড় কষ্ট হয় ভেতরে ভেতরে- চোখ ফেটে আসতে চায় কান্না।
বাবার বড় সাধ ছিল- তাঁর লেখা বেরোয়; নানান কারণে পেরে উঠলেন না।