একটি জাতির ভবিষ্যৎ গঠনে শিক্ষা ও শিক্ষাবিদদের ভূমিকা কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষ গড়া ও সমাজ পরিবর্তনের ক্ষেত্রেও তাঁদের অবদান অনস্বীকার্য। ‘শিক্ষার বাতিঘর’ গ্রন্থে কালজয়ী শিক্ষাবিদদের জীবন, কর্ম, দর্শন ও শিক্ষাচিন্তার সেই গুরুত্বপূর্ণ দিকগুলো সহজ, সাবলীল ও তথ্যসমৃদ্ধভাবে তুলে ধরা হয়েছে।
বইটিতে শিক্ষাদর্শনকে জটিল তাত্ত্বিক আলোচনায় সীমাবদ্ধ না রেখে বিশ্বজুড়ে প্রভাব বিস্তারকারী মহান শিক্ষাবিদদের জীবনসংগ্রাম, প্রজ্ঞা, মূল্যবোধ ও আলোকিত সমাজ গঠনের চিন্তাকে সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি বর্তমান সময়ের নৈতিক ও মূল্যবোধের সংকট মোকাবিলায় তাঁদের চিন্তা ও আদর্শ কীভাবে পথ দেখাতে পারে, তাও আলোচিত হয়েছে।
বিশ্বখ্যাত শিক্ষাবিদদের ভাবনার সঙ্গে আমাদের সমাজ ও শিক্ষাব্যবস্থার বাস্তবতার একটি প্রয়োজনীয় যোগসূত্র তৈরি করেছে বইটি। ফলে এটি শুধু গুণী শিক্ষাবিদদের জীবন ও কর্মের পরিচিতি নয়; বরং শিক্ষা, নৈতিকতা, শিক্ষকতা ও সমাজভাবনা নিয়ে পাঠকের চিন্তার জগৎকে সমৃদ্ধ করার একটি মূল্যবান প্রয়াস।
শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষানুরাগী এবং সচেতন পাঠকের জন্য ‘শিক্ষার বাতিঘর’ হতে পারে জ্ঞান, অনুপ্রেরণা ও নতুনভাবে ভাবার একটি সহজপাঠ্য সংযোজন।