এ দিকে খুব একটা আসা হয় না। শেষ কবে এসেছিলাম আজ আর মনে নেই। পথে অন্যমনষ্ক হয়ে হাঁটছে আর ভাবছে জামিল। চারিদিকটা যেন খুব তাড়াতাড়িই বদলে যাচ্ছে! এ পরিবর্তন ভৌগোলিক আর মানবিকও বটে! ভৌগোলিক কিংবা মানবিক দুটিই প্রকৃতির পরিবর্তন এনে দেয়। আর এই প্রকৃতি পরিবর্তনের প্রভাব পড়ে মানুষের মনেও।
মুহুর্তেই জামিল একটু ভেবে নেয়, সে নিজেও কি পরিবর্তন হয়নি?
জীবনের একটি পথ থেকে সৃষ্টি হয়ে কত শত শাখা এ পথ। সে পথগুলোতে হেঁটে হেঁটেই যেন আরও কত শত হাজারো পথ হয়ে যায়। যেমন এ পথে একদিন সে হেঁটেছিল আজ যেন সে অন্য পথের অন্য পথিক হয়ে হাঁটছে। আরও খানিকটা পথ এগিয়ে যায় জামিল। রাস্তায় মানুষজন তেমন নেই। চারিদিকটা বেশ ফাঁকা-ফাঁকাই লাগছে। হাত ঘড়িটার দিকে চোখ রাখে সে।
পাঁচটা বাজতে এখনও অনেক দেরি। ঘড়ির কাটার শূন্যতা এখন তার বুকের ভিতরে হাহাকার সৃষ্টি করছে। দূর্বা ঘাসের সিঁথিকাটা পথের দিকে তাকিয়ে সে অন্যমনষ্ক হয়ে উঠছে। সে এদিক-ওদিক তাকাচ্ছে বারবার। নিজের মনকে সে নিজেই প্রশ্ন করছে।