শিল্প নিয়ে গবেষকদের গবেষণার অন্ত নেই। তাত্ত্বিকগণ বিভিন্নভাবে শিল্পকে সংজ্ঞায়িত করেছেন। সহজভাবে বলা যায় শিল্প 'হলো- আনন্দ, অথবা দুঃখ-বেদনার কোনো কিছু দেখা বা অনুধাবন করে মনে যে আবেগ অনুভূতির সৃষ্টি হয় তার নান্দনিক প্রকাশ। মহান আল্লাহ মানুষের উপকারের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আঠারো হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন বিনোদনের জন্যে সুন্দর নিসর্গ, পাহাড়, সাগর, ঝরনা, ফুল, ফল, নদী, অসংখ্য বৃক্ষরাজি।
এই সৃষ্টি-সৌন্দর্য দেখে অথবা দুঃখজনক, বেদনার কিছু অনুধাবন করে হৃদয়-মনে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয় তার প্রকাশই হলো 'শিল্প'। এ জন্য শিল্পীদের দেখা আর সাধারণ মানুষের দেখা এক নয়। সাধারণ মানুষ কোনো জিনিসের প্রতি যখন তাকান, সেটাকে বলা যেতে পারে শুধুমাত্র তাকানো। আর শিল্পীরা যখন তাকান তখন তা শুধুমাত্র তাকানোর নয়, তা অনুধাবন করে হৃদয়ঙ্গম করেন, হৃদয়ের সাথে একাত্ম হয়ে যায়। এবং শিল্পীদের থাকে আবেগপ্রবণ মন। যার মনে আবেগ যত বেশি, তার অনুধাবনক্ষমতা তত বেশি।