আকাশে বিকেলের রাঙা রোদ ঝলমল করছে। তবে রোদের প্রখরতা কমে এসেছে। ধীরে ধীরে শুষ্কতার ছোঁয়া লেগে গাছের পাতা রঙ বদলে ঝরে পড়ছে বিক্ষিপ্তভাবে। হিমালয়ের গা ছুঁয়ে উত্তরের হাওয়া বয়ে বেড়াচ্ছে চারদিকে। দিন ছোট হয়ে আসছে দ্রুত। আনোয়ার সাহেব প্রতিদিনই এই সময় ছাদে গিয়ে নিজের একান্ত সাধের সবজি বাগানে কিছুক্ষণ পায়চারি করেন।
মোটামুটি সব ধরনের শীতের সবজি তিনি চাষ করেছেন। আজকাল গণমাধ্যমে ছাদকৃষির বিষয়ে ব্যাপক প্রচার প্রচারণা চলছে। টিভিতে নিয়মিত অনুষ্ঠানগুলো দেখে তিনি অনুপ্রাণিত হয়েছেন। বিভিন্ন আকারের ড্রাম কেটে তাতেই তিনি সবজি লাগিয়েছেন। বাজার থেকে বাঁশ কিনে এনে নিজেই মাচা তৈরি করেছেন। আনোয়ার সাহেব অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী। এখন এই বাগান নিয়েই তিনি তাঁর অবসর সময় কাটান।