আজকের সকালটা অন্য সকালের চেয়ে একটু আলাদা। ঘুম থেকে উঠে জানালা দিয়ে তাকাতেই মনে হয় আজ সকালটা কেমন অসহায় হয়ে আছে। আকাশটা মেঘাচ্ছন্ন রৌদ্রের কড়া পাহারা আজ সকালের কাছে কেমন মাথা নত করে আছে। মেঘের ছায়ায় মনে হচ্ছে বৃষ্টি এসেও বারবার ফিরে যাচ্ছে। চারদিক অন্য এক রূপে প্রভাতটা যেন শুরু আজ।
বাহিরে তাকিয়ে ধারণা করার উপায় নেই বেলা কয়টা হবে? নাকি প্রায় দুপুর ঘনিয়ে বিকেল আসছে? ঘড়ির দিকে তাকিয়ে আরও অবাক! মাত্র সাতটা বাজে! আজকে সূর্যের আলো কোথায়? আমার জানালার পরদা তো আজও উঠানো। প্রতিদিনি তো সূর্যের আলো চোখে এসে স্বাগতম জানিয়ে ঘুম ভাঙায়। আজ কি সূর্যের আলো আমার জানালায় উঁকি দিতে আসেনি।
এমন হাজারো প্রশ্নে শুরু আজকের সকাল। জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আরও অবাক হয়ে পড়ি। অদ্ভুত সুন্দর পৃথিবী! মুহূর্তেই আমি নিজেকে অন্য কোন পৃথিবীর মাঝে হারিয়ে দিয়েছি। আজ প্রকৃতি আমাকে অসহায় করে তার মাঝে স্বাগতমে ডাকছে। ইচ্ছে করছে পৃথিবীর সব বাঁধার দেয়াল ভেঙে কিশোর বেলার মত আজ আবার উদাসীনতায় উদাস হয়ে নিজেকে তার মাঝে হারিয়ে দিতে।