জানলা দিয়ে একবার বাইরে তাকিয়ে মনে হলো, এখন আর ঘরে বসে থাকার কোনো মানে হয় না। বিকেল শেষ হয়ে গেছে, কিন্তু আকাশের আলো মিলিয়ে যায়নি।
আজ সারা দুপুর বইয়ের পাতায় ডুবে ছিলাম। এক একদিন পড়াশোনায় খুব মন বসে যায়, এক একদিন কিছুটা অস্থির ভাব থাকে। আজ খুব বেশি হাওয়া ছিল না, গরমও ছিল না। বই পড়তে পড়তে আজ একবারও খেয়াল হয়নি যে কাছেই একটা সমুদ্র আছে।
বেরুবার আগে জানলা দুটো মনে করে বন্ধ করে দিতে হয়, নইলে হাওয়ায় সব উড়িয়ে নিয়ে যায়। টেবিলের ওপর গোটা চারেক কলা পড়ে আছে, খোসার ওপর কালচে-কালচে ছোপ পড়েছে। এগুলো ফেলে দেওয়াই ভালো। আমি কলা তেমন একটা ভালোবাসি না, তবু কিনেছিলাম অসম্ভব সস্তা বলে। ছ'খানা মর্তমান কলার দাম মাত্র এক টাকা।