গ্রামের নাম সোনাডাঙা। বাংলাদেশের আর সব গ্রামের মতোই সুন্দর। সবুজ বৃক্ষ। সবুজ মাঠ। টলটলে জলের পুকুর। গ্রামের পাশেই বয়ে চলা ছোট্ট নদী ইছামতি। তবে বর্ষায় বেশ পাগল। নিজেকে উত্তাল বড় নদী প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়ে যেন।
গ্রামের মাঝখানে গড়ে উঠেছে একটা স্কুল। গ্রামের নামেই স্কুলের নাম। সোনাডাঙা বহুমুখী উচ্চ বিদ্যালয়।
তবে লোকে বলে, সোনাডাঙা স্কুল। স্কুল চলার দিনগুলোতে কিশোর-কিশোরীদের কলকাকলিতে মুখর থাকে স্কুল প্রাঙ্গণ। স্কুল ছুটির পর বিকেলেও স্কুল মাঠে গ্রামের ছেলেরা খেলায় মাতে।
সেই স্কুল আচানক বন্ধ। কবে খুলবে তা কেউ ঠিক জানে না। জানত, যদি নোটিশ দিয়ে বন্ধ হতো। বন্ধ হয়েছে বিনা নোটিশে।
শিক্ষকদের কেউ কেউ সপরিবারে এলাকা ছেড়ে চলে গেছেন অন্য...