ও মশাই, উঠুন, উঠন!
পিনাকী চোখ মেলে প্রথমে কিছুই বুঝতে পারলো না। সে কোথায়? কে তাকে ডাকছে? এত নীচু মতন একটা লম্বা ঘর। খাকি পোষাকপরা লোকটি আবার বললো, কী মশাই, বাড়ি যাবেন না?
তখন পিনাকী ধড়মড় করে উঠে দাঁড়ালো। সে বাসের দোতলায় ঘুমিয়ে পড়েছিল। যখন পিনাকী বাসে উঠেছিল তখন ভিড়ে গিসগিস করছিল। দোতলাতেও দাঁড়িয়েছিল অনেকে; প্রায় অর্ধেকেরও বেশী রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে হঠাৎ সে একটা সীট পেয়েছিল। এখন বাসটা একদম ফাঁকা, গ্যারাজের মধ্যে ঢুকে আছে।
লজ্জিত মুখ করে, কন্ডাকটরকে কিছুই না বলে সে অতিরিক্ত দ্রুততার সঙ্গে নেমে গেল। পাদানির ঠিক নীচেই ছিল খানিকটা মাটি খোঁড়া। সেখানে জল জমা, পিনাকী না দেখে সেখানে ডান পা ফেলতেই তার প্যান্টে অনেকখানি জল কাদা লেগে গেল। যাক, এমন কিছু ক্ষতি হয়নি।