বাংলায় মুসলমান আগমনের কয়েক শতাব্দী আগে রচিত হয় চর্যাপদ। বৌদ্ধ সহজিয়াদের রচিত এ গ্রন্থটিই ছিল বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের পাঠাগার থেকে ১৯০৯ খ্রিস্টাব্দে এটি আবিষ্কার করেন। চর্যাপদের রচনাকাল নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ রয়েছে। ড. মুহম্মদ শহীদুল্লাহ যে সময়ের কথা বলেছেন তা সঠিক বলে ধরে নিলে বাংলা সাহিত্যের আরম্ভ কাল আমরা ৬৫০ খ্রিস্টাব্দ থেকে গণনা করতে পারি। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, লুইপাসহ প্রাচীনকালের অনেক সিদ্ধাচার্য খ্রিস্টীয় সপ্তম ও অষ্টম শতাব্দীতে আবির্ভূত হয়েছিলেন। ১ চর্যাপদ আবিষ্কারের কিছুকাল পরেই বাংলাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। তুর্কি বীর ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খন্জি রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন। ১২০১ খ্রিস্টাব্দ থেকে ১৩৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত দেড়শত বছরে সমগ্র বাংলাদেশে মুসলিম শাসন বিস্তৃত হওয়ার সঙ্গে ইসলামী পরিবেশও সৃষ্টি হতে থাকে। বাংলা সাহিত্যে মুসলিম সাহিত্যিকদের উত্থান পর্ব সম্পর্কে আলোচনা করার আগে মুসলিম শাসন প্রতিষ্ঠা ও মুসলিম বাংলা