বাপ খেত মজুর, মা ঝিয়ের কাজ করে। ভিটে ভূমি নেই। পরের জায়গায় একটা ছোট্ট ডেরাঘর বেঁধে কোনোমতে বসবাস করে। সংসার কোনো রকমে চলছে। সাধ আহলাদ বলতে কিছু নেই। সামাজিকতা-আনুষ্ঠানিকতা বলতে কিছু বুঝে না। পাঁচজনের সংসার। দুমেয়ে এক ছেলে। ছেলেটা সকলের ছোট। আট-নমাস বয়স। একটু-আধটু হাঁ-হুঁ করে। বাপ-মা কোনো রকমে ডাল ভাত জোগাড়ে ব্যস্ত। বড় মেয়ে তানিয়া, সাত বছর বয়স। দেখতে বেশ সুশ্রী। মায়ের সাথে বাড়িতে-বাড়িতে যাওয়া-আসা করে। মা ঝিয়ের কাজ করে, মেয়েটা ঘোরাঘুরি করে। গরিবের মেয়ে, দেখতে খুব সুন্দর। তাই সকলেই খুব আদর করে। স্কুলে ভর্তি হওয়ার বয়স পেরিয়ে যাচ্ছে। স্কুলে ভর্তি করার সামর্থ্য বাপ-মায়ের নেই। তানিয়া মায়ের সাথে এবাড়ি-ওবাড়ি যায়।
তার বয়সী ছেলেমেয়েরা স্কুলে যাওয়া-আসা করে। তানিয়ার স্কুলে ভর্তি হওয়ার খুব ইচ্ছে হয়। কোনো উপায় নেই। বাপ-মা স্কুলে ভর্তি করবে কিভাবে? দু'বেলা খাবার জুটাতে পারছে না। বাপ-মায়ের কোন চেষ্টাও নেই, মেয়েকে পড়াবে। তানিয়া এখন আর মায়ের সাথে এবাড়ি-ওবাড়ি যেতে চায় না।