অনুষ্ঠানের সূচনা, নিয়মাবলী
এবং সঞ্চালক সৌরভ দ্বিবেদীর ভূমিকা
নমস্কার। প্রথমে আজকের এই বিতর্কের মূল বিষয়বস্তু ঠিক করে দিই। আমাদের আলোচ্য বিষয় হলো, স্রষ্টার কি অস্তিত্ব আছে? (Does God Exist?)
আলোচনায় প্রবেশের পূর্বে আমি বিতর্কের নিয়মাবলী সুস্পষ্ট ভাষায় তুলে ধরতে চাই, যাতে আমাদের আলোচনা, বাদানুবাদ বা ঝগড়ায় রূপান্তর না হয়ে যায়। এটি একটি শিক্ষামূলক মার্জিত বিতর্ক। এই বিতর্কের কাঠামো কী হবে আমি উপস্থাপন করছি।
এতে দুই বিদ্বানকে তাদের প্রারম্ভিক বক্তব্য বা ওপেনিং স্টেটমেন্টের জন্য ১০ মিনিট করে সময় দেওয়া হবে। সবার আগে নওজওয়ান বিদ্বান মুফতি শামায়েল নদভী ১০ মিনিট তার দলীল আপনাদের সামনে উপস্থাপন করবেন। এরপর জাভেদ আখতার সাহেব ১০ মিনিট তার বক্তব্য পেশ করবেন।
এরপর ৭-৭-মিনিট করে দেওয়া হবে প্রথম খণ্ডন পর্বের জন্য। তারপর ৭-৭ মিনিট করে দেওয়া হবে আর্গুমেন্ট পেশ করার দ্বিতীয় রাউন্ড। এরপর রিবার্টাল রাউন্ড ২ তথা দ্বিতীয় খণ্ডনপর্ব সময় থাকবে ৫-৫ মিনিট করে। এরপর ক্রস-এক্সামিনেশন বা জেরার জন্য,
যেখানে এই দুই বিদ্বান একে অপরকে সরাসরি প্রশ্ন করতে পারবেন। যার জন্য আমরা ১৬ মিনিট বরাদ্দ রেখেছি।
এরপর শেষে ৫-৫ মিনিট করে সময় দুই বিদ্বানকে আবারও দেওয়া হবে, তাদের সমাপনী বক্তব্য বা ক্লোজিং আর্গুমেন্টের জন্য। আর এই বিতর্কের জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো, আপনারা এবং আমরা আর ইন্টারনেটে যারা দেখছেন সেই লক্ষ-কোটি মানুষ তাদের প্রশ্ন-উত্তর পর্ব হবে। তাই আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের কিছু প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। ৩০ মিনিট সময় আমরা এর জন্য বরাদ্দ রেখেছি। এইভাবেই এই দুই ঘণ্টার বিতর্ক সম্পন্ন হবে।
দুই-তিনটি মৌলিক বিষয় আছে যার প্রতি আমাদের লক্ষ রাখতে হবে। কোনো ধরনের স্লোগান বা এই জাতীয় কিছুতে আমরা অংশ নেব না। এটা কোনো হট্টগোল নয়। যেহেতু পুরো পৃথিবী দেখছে, তাই একটা নজির স্থাপন করতে হবে। মানুষের সামনে একটা উদাহরণ তুলে ধরতে হবে যে, শিক্ষিত মানুষরা একমত বা দ্বিমত পোষণ করেও একে অপরের সাথে সম্মতি বা অসম্মতি রেখেও এক টেবিলে বসে কথা বলতে পারেন। এখানে আমার জেএনইউ-এর প্রফেসর পুরুষোত্তম আগরওয়ালজি বসে আছেন, যিনি ক্লাসে আমাদের শিখিয়েছিলেন যে, সম্মতির সাহস, অসম্মতির বিবেক এবং এর ঠিক উল্টোটাও খুবই জরুরি।
দ্বিতীয় কথা, এটি ধর্মভিত্তিক তথা কোনো একটি ধর্ম নিয়ে বিতর্ক নয়। এ বিষয়টি সবার কাছে স্পষ্ট হওয়া উচিত। কোনো ধর্মকে শ্রেষ্ঠ বলা বা কোনো ধর্মকে ছোট করার জন্য এই বিতর্ক নয়। তাই যদি কেউ এই আশা নিয়ে দেখে থাকেন বা এখানে এসে থাকেন, তবে আপনারা হতাশই হবেন
এই দুই ব্যক্তিকে এখন খুব গম্ভীর দেখাচ্ছে, এরা অত্যন্ত ভদ্র-সজ্জন মানুষ। গতকাল সন্ধ্যায় চায়ের আড্ডায় দেখা হয়েছিল, এদের মধ্যে বেশ হাসাহাসিও হয়েছে। গলায় গলা মিলিয়ে একটি ছবিও তোলা হয়েছে। এটি এই কথার প্রমাণ যে, ইন্টারনেটে যে হইচই চলছে, তার তুলনায় এই দুই ব্যক্তি অত্যান্ত সৌজন্য ও বিনয়ের সাথেই বিতর্কের জন্য রাজি হয়েছেন। টুইটারের কথা টুইটার পর্যন্তই থাক।
আর এবার এই বিতর্কের সূচনাই প্রবেশ করতে যাচ্ছি। আমি এই বিদ্বানদের- যদিও এদের পরিচয়ের প্রয়োজন নেই, তবুও হতে পারে-পরিচয় করিয়ে দিই। সাংবাদিকতায় আমাদের শেখানো হয় যে 'নেভার অ্যাজিউম' (কখনও অনুমান করো না বা নিশ্চিত তথ্য ছাড়া সিদ্ধান্তে পৌঁছিও না)। বিজ্ঞানও এটাই বলে।
মুফতি শামায়েল নদভী সাহেব, ইসলামিক স্কলার ও শিক্ষাবিদ। কলকাতার 'মারকাযুল ওয়াহইয়াইন' ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা। লখনউয়ের প্রসিদ্ধ দারুল উলুম নদওয়াতুল উলামা থেকে গ্র্যাজুয়েশন করেছেন। সোশ্যাল মিডিয়া এবং জনসমক্ষে শিক্ষাদান ও বৌদ্ধিক কাজে সক্রিয় আছেন। বর্তমানে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআই ইউ এম) থেকে পিএইচডি করছেন। ভালো ব্যাপার হলো, পড়াশোনার পাশাপাশি ট্রাভেল ব্লগও করেন, পেট্রোনাস টাওয়ারের সামনে ওনার ব্লগ আমরা দেখেছি।
আমাদের সাথে জাভেদ আখতার সাহেব আছেন। জাভেদ আখতার সাহেব কবি, শায়ের, গদ্যও লেখেন। সিনেমার জন্য সংলাপ লিখেছেন, গান লিখেছেন। এর বাইরেও তিনি বৈজ্ঞানিক চিন্তাভাবনা নিয়ে, অথবা তার ঘোষিত নাস্তিকতা (Atheism) নিয়ে বেশ সোচ্চার থাকেন এবং নিজের মতো করে যুক্তিবাদ বা র্যাশনালিটির কথা বলেন।
উপস্থিত সম্মানিত নারী ও পুরুষগণ, ঈশ্বরের কি অস্তিত্ব আছে?
(Does God Exist?) এই প্রশ্নের উত্তর সবাই নিজের মতো করে খোঁজার চেষ্টা করছেন। কেউ একে 'গড ড্যাম পার্টিকেল'-এর খোঁজ বলেন, কেউ 'গড পার্টিকেল'-এর খোঁজ বলেন, কেউ হিগস-বোসনের খোঁজ বলেন। কেউ এই প্রশ্ন-উত্তরের খোঁজ করার চেষ্টা করেন যে, ভর বা 'মাস' এলো কী করে? কী হয়েছিল আসলে? সৃষ্টির আগে, সময়ের আগে কী ছিল? আর কেউ বলেন, এই সব খোঁজ যে মস্তিষ্কে হচ্ছে, প্রকৃতির নিয়মে তা কীভাবে বিকশিত হলো? আমি আশা করি, আজ আমরা এই মৌলিক প্রশ্নগুলোর কিছু উত্তর পেতে সক্ষম হবো। আমি সবার আগে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মুফতি শামায়েল নদভী সাহেবকে। আসুন স্যার। জি।