দরজায় টোকা পড়ার শব্দ ক্রমশ বাড়ছে। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে একসময় শুরু হয় ধুপধাপ আওয়াজ। ঘুম ভেঙে একরাশ বিরক্তি নিয়ে চোখ মেলে মিনার। দরজায় টোকা দেওয়ার মধ্যেও একটা ভদ্রতার ছাপ থাকে। টোকার সাইজ দেখেই মিনার বুঝতে পারে নওশাদ এসেছে। ওর কোনো কাজেই কোনো ছন্দ নেই। সবকিছুতেই 'ধর তক্তা মার পেরেক' টাইপ অবস্থা। একসময় আড়মোড়া ভেঙে বিছানা ছাড়ে মিনার। দরজা খুলতেই দেখা যায় ক্লান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে নওশাদ।
'যাক, বেঁচে আছিস তাহলে? আমি তো ভাবলাম ল্যাঠা বোধহয় ঢুকেই গেছে। কী করছিস?' ভেতরে ঢুকতে ঢুকতে বলল নওশাদ। 'কঠিন একটা ঘুম দিয়েছিলাম। তোর জন্য আর পারলাম কই।' 'বাসায় খাবার-টাবার কিছু নেই?'
'চা-বিস্কিটের ব্যবস্থা আছে। কেন, বাসায় নাশতা করিসনি?'