কেন এই বই প্রয়োজন
অনেকে মনে করেন, 'ইসলামসম্মত যৌনশিক্ষা' বলে আলাদা কিছুর দরকারই নেই। কথাটা একেবারে অমূলক নয়, এক সময় সত্যিই তেমন প্রয়োজন পড়ত না। মানুষ তার স্বভাবজাত ফিতরাতের তাড়নাতেই এসব বিষয় আপনাআপনি শিখে নিত, বুঝে নিত, কোনো বইয়ের মুখাপেক্ষী না হয়েই। কিন্তু সময় বদলেছে। আজ যখন চারপাশের অসুস্থ প্রভাবে সেই সহজাত ফিতরাতই বিকৃত হয়ে পড়ছে, তখন সঠিক পথের দিশা না দিলে মানুষ অন্ধকারে হাতড়ে বেড়ায়, কখনো ভুল ধারণার কুয়াশায় পথ হারায়, কখনো ক্ষতিকর অভ্যাসের দিকে পা বাড়ায়। এ কারণেই আজ বিবাহিত দম্পতি হোন বা বিয়ের প্রস্তুতি নেওয়া তরুণ-তরুণী সবাই-ই এই নির্ভরযোগ্য দিকনির্দেশনার খোঁজে আছেন।
এ বিষয়ে আর চুপ করে থাকার কোনো সুযোগ নেই। আমরা চুপ থাকলেও বাস্তবতা থেমে নেই, আপনি হয়তো সন্তানকে কিছু শেখাচ্ছেন না ভেবে নিশ্চিন্ত আছেন, কিন্তু পর্নোগ্রাফি শিল্প আর বিপথগামী সঙ্গীরা ঠিকই প্রতিদিন তাদের ভুল কিছু একটা শিখিয়ে দিচ্ছে। আমরা মিলন নিয়ে শালীন, সঠিক ও ইসলামসম্মত ধারণা তুলে না ধরলেও, অশ্লীল চলচ্চিত্র, উত্তেজক দৃশ্যময় নাটক-সিনেমা আর ভেজাল কবিরাজি বিজ্ঞাপনের ছড়াছড়ি ঠিকই চলতে থাকবে, কারো অপেক্ষায় থেমে থাকবে না। তাই নীরবতা আসলে কোনো সমাধান নয়; বরং তা শূন্যস্থানটিকে ভুল তথ্যের হাতে ছেড়ে দেওয়ারই নামান্তর।
তাই লজ্জাশীলতার সীমারেখা অক্ষুণ্ণ রেখে, শালীনতার গণ্ডির মধ্যে থেকেই আমাদের এই স্পর্শকাতর বিষয়ে খোলাখুলি কথা বলা প্রয়োজন। এখানে আমাদের পথপ্রদর্শক স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী: "সত্য বলার ক্ষেত্রে আল্লাহ লজ্জাবোধ করেন না" (সহিহ বুখারি ও সহিহ মুসলিম, উম্মে সালামা রা. বর্ণিত হাদিসের অংশ)। যে সত্য মানুষের কল্যাণের জন্য, তা আড়াল করে রাখার মধ্যে কোনো দ্বীনদারি নেই; বরং তা প্রয়োজনমতো, শালীন ভাষায় তুলে ধরাই প্রকৃত হেকমত।
এক ঘণ্টার আলাপে এত গভীর একটা বিষয় বুঝিয়ে বলার মতো সময় কারো হাতে নেই। লক্ষ করলাম, যৌনতা নিয়ে এমন একটি পূর্ণাঙ্গ, নির্ভরযোগ্য বাংলা গ্রন্থের বড্ড অভাব, যা কাউকে নির্দ্বিধায়, নিশ্চিন্তে পড়তে দেওয়া যায়, যা একজন জিজ্ঞাসু মানুষকে রেফার করা যায়। বাজারে যে কয়েকটি বই পাওয়া যায়, তার অধিকাংশই পশ্চিমা পুঁজিবাদী সমাজচিন্তায় গভীরভাবে প্রভাবিত লেখক-গবেষকদের রচনা, যা ইসলামি মূল্যবোধের সাথে সাংঘর্ষিক এবং পাঠককে বিভ্রান্ত করে। ঠিক এই শূন্যস্থান পূরণের লক্ষ্যেই, ইসলামি দৃষ্টিভঙ্গি, বৈজ্ঞানিক তথ্য ও শালীন ভাষার সমন্বয়ে, এই বইটি রচনার ছোট্ট একটি প্রয়াস।