চার মাস আগে সৌদি এয়ার লাইন্সের একটি বিমান বাংলাদেশের ভূমিতে অবতরণ করে। বিমান হতে বেরিয়ে আসে সবুজ কোটে জড়ানো মোহন। পুরো নাম মোহাম্মদ মোহন মিয়া। পরাধীনতার শিকল ছিড়ে সেই কতদিন পর পা স্পর্শ করল আপন ভূমির মাটি। যেন এক অতি বৃহৎ জগদ্দল পাথরের ভার বুক হতে সরে গেল। স্বাধীন বাতাসের স্বাদ হতে দূরে থাকার কষ্টটা এতদিন হাড়ে হাড়ে অনুভব করছিল। কিন্তু স্বাধীন বাতাসের স্বাদ যে কতটা মধুর তা পৃথিবীর আলোর ছোঁয়া চোখে লাগার পর অনুভব করল এই প্রথম। প্রবাসী হওয়ার আগেও দেশে কেটেছে জীবনের বৃহৎ সময়।
দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই বলেই কখনো তা অনুভব করা হয়নি। এখন বুঝতে পারছে। এ যেন হাজার বছর পরে আকাশ এক বুক ভালবাসার জল ছিটিয়ে ভাসিয়ে দিল এক মরুভূমি। সেই জল এখন প্রতিটি বালুকার রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে মোহনের পৃথিবীকে সুখময় করছে। মরুর বুকে এখন অসংখ্য নাম না জানা ফুল ফুটতে শুরু করেছে। সেই হরেক রঙের ফুল হতে বেরিয়ে আসছে সতেজ সুবাস। এই মাটির ছোঁয়ায় এত সুখ জানলে হয়ত কখনোই প্রবাসে যেতনা মোহন।