⭕ শ্যাডো এন্ড বোন:
আলিনা স্তারকভ নিজের জীবন নিয়ে কখনোই তেমন কিছু আশা করেনি। সীমান্ত যুদ্ধে পরিবারকে হারিয়ে বেড়ে উঠেছে এক অনাথাশ্রমে। আপন বলতে কেবলই তার ছোটবেলার সাথী ম্যাল। বড় হয়ে দুজনেই যোগ দেয় সেনাবাহিনীতে, আর তাদের দলটাকে পাঠানো হয় ছায়া-উপত্যকা নামক এক চিরঅন্ধকারের জগত পাড়ি দেবার জন্য। সেখানে বাস করে মৃত্যু আর দানবের দল। আর ওখানেই প্রকাশিত হয় আলিনার মধ্যে লুকিয়ে থাকা ক্ষমতা। পরিচিত জগত থেকে তাকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয় রাজকীয় বিশেষ সেনাবাহিনীতে প্রশিক্ষণের জন্য, যাদেরকে ডাকা হয় গ্রিসা নামে। আলিনার মতোই বিভিন্ন প্রাকৃতিক শক্তিকে নিয়ন্ত্রণের ক্ষমতার অধিকারী তারা। তাদের প্রধান হলেন এক রহস্যময় ব্যক্তি, যাকে সকলে চেনে আঁধারাত্মা নামে। আর সে বিশ্বাস করে, আলিনা অসাধারণ ক্ষমতার সাহায্য চিরতরে বিনাশ করতে পারবে ছায়া-উপত্যকা নামক অভিশাপকে। কিন্তু চোখে যা দেখা যায়, সবটা সত্যি নয়। ওদিকে রাজনৈতিক অস্থিরতাও তুঙ্গে উঠছে, সাথে আঁধারাত্মার প্রতি বেড়ে চলেছে আলিনার আকর্ষণ। এখন এমন এক সত্যের মুখোমুখি হতে হবে তাকে, যা তার হৃদয় আর মাতৃভূমি দুটোকেই ছিন্নভিন্ন করে দেবে।
⭕ সিজ এন্ড স্টর্ম:
আলিনার ক্ষমতা ক্রমশ বেড়ে চলেছে, আর এজন্য চরম মূল্য দিতে হয়েছে তাকে। ওদিকে শত্রুদের কাছ থেকেও আর বেশিদিন পালিয়ে থাকতে পারছে না। আঁধারাত্মা আবারও আলিনার ক্ষমতাকে নিজের স্বার্থে ব্যবহার করবার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হয়ে উঠেছে। কোথাও সাহায্যের আশা না পেয়ে আলিনা অবশেষে এক কুখ্যাত দস্যুর শরণাপন্ন হয়। কিন্তু ভাগ্য তাকে টেনে নিয়ে চলেছে আরও বিপদের মাঝে, আঁধারাত্মার পাতা ফাঁদে সে নিজেকে হারিয়ে ফেলছে। দেশকে বাঁচাতে কঠিন একটা সিদ্ধান্ত নিতে হবে তাকে। কিন্তু বিজয় লাভের জন্য চরম মূল্য দিতে হয়। আলিনাকেই দিতে হবে সেই মূল্য।
⭕রুইন এন্ড রাইজিং:
আলিনার হাতে সময় ক্রমশ ফুরিয়ে আসছে। রাজ্যের নিয়ন্ত্রণ চলে গিয়েছে শত্রুদের হাতে। যুদ্ধ কেড়ে নিয়েছে আলিনার ক্ষমতা। ওদিকে এক ধর্মান্ধ গোষ্ঠী আলিনাকে বসাতে চায় দেবতার আসনে। আর আলিনা তখনও নিজের মনের সাথে যুদ্ধ করে চলেছে।
বিপদ থেকে উদ্ধার পাবার জন্য কেবল একই উপায় আছে, তা হলো প্রাচীন এক কিংবদন্তীর প্রাণীকে খুঁজে বের করা এবং সিংহাসনের প্রকৃত উত্তরাধিকারীকে ফিরিয়ে আনা। দুই পক্ষ যখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তখন আলিনা দাঁড়িয়ে রয়েছে ছায়া-উপত্যকার অন্ধকারের প্রান্তে, যা কিনা পুরো পৃথিবীকে ধ্বংস করবার জন্য শক্তি সঞ্চয় করছে। কোথায় আছে এখন মুক্তির পথ?