উঠানের মাঝখানে ইজিচেয়ারে শুয়ে বিশাল নিমগাছের দিকে তাকিয়ে আছেন আব্দুল হামিদ। নিমগাছের ডালে বসে একটি মা কাক তার বাচ্চার মুখে আহার তুলে দিচ্ছে। এই দৃশ্য দেখতে আব্দুল হামিদের খুব ভালো লাগছে। আচ্ছা, যে কাকটি বাচ্চার মুখে আহার তুলে দিচ্ছে সেটাতো মা না হয়ে বাবা কাকও হতে পারে, পারে না? আব্দুল হামিদ ভালো করে তাকিয়ে দেখেন যে কাকটি বাচ্চার মুখে খাবার তুলে দিচ্ছে তার গায়ের রঙে ছাইয়া ভাব, তেলতেলে কালো না।
পুরুষ পাখিদের গায়ের রং উজ্জ্বল হয়, দেখতে খুব সুন্দর হয়। মেয়ে পাখিগুলোর গায়ের রং হয় মরা। শুধু পাখি নয়, পশুদের বেলায়ও এই রীতি প্রযোজ্য। পুরুষ সুন্দর, নারী অসুন্দর। খালি মানুষের বেলায় উল্টো রীতি, নারী সুন্দর, পুরুষ অসুন্দর। নারী সুন্দর, কথাটি মনে হতেই আব্দুল হামিদের মৃতা স্ত্রীর মনে পড়ে গেল। নূরবানু ছিলেন অতি সুন্দরী এক নারী। যার রূপের কোনো তুলনা হয় না।